মূল অংশে যান
CommunityBangladesh ChapterHistory & Heritage
4 মিনিট

মাদ্রিদিস্তা মানে কী? আলা মাদ্রিদ, পেনিয়া আর বাংলাদেশের মাদ্রিদিস্তারা

Sifat Jasim

Sifat Jasim

Mon, Oct 26, 2026

মাদ্রিদিস্তা মানে কী? আলা মাদ্রিদ, পেনিয়া আর বাংলাদেশের মাদ্রিদিস্তারা

মাদ্রিদিস্তা মানে রেয়াল মাদ্রিদের সমর্থক। আলা মাদ্রিদ মানে "এগিয়ে চলো মাদ্রিদ!" দুটো শব্দের মানে, আর পেনিয়া মাদ্রিদিস্তা বাংলাদেশ কীভাবে শুরু হলো।

মাদ্রিদিস্তা মানে রেয়াল মাদ্রিদের সমর্থক। মাদ্রিদে থাকতে হবে না, বার্নাব্যু দেখতেও হবে না। চ্যাম্পিয়নস লিগের রাতে ভোর ৩টা পর্যন্ত জেগে থাকলে আপনিও একজন মাদ্রিদিস্তা।

শব্দটা এলো কোথা থেকে

Madridista স্প্যানিশ শব্দ: Madrid আর -ista, যেটা স্প্যানিশে কোনো কিছুর অনুসারী বোঝায়। উচ্চারণ "মাদ্রিদিস্তা"। স্প্যানিশে শব্দটা দুইভাবে চলে। বিশেষ্য হিসেবে মানে সমর্থক, তবে ক্লাবের খেলোয়াড় বা কর্মীকেও মাদ্রিদিস্তা বলা হয়। বিশেষণ হিসেবে মানে "রেয়াল মাদ্রিদের", যেমন মাদ্রিদের জয় হলো una victoria madridista। স্প্যানিশ ভাষার রয়্যাল একাডেমির অভিধানে শব্দটা নেই, তবু স্পেনের খেলার পাতায় এটা রোজ দেখা যায়।

অনুভূতিটার আলাদা নামও আছে: মাদ্রিদিসমো (madridismo), মানে মাদ্রিদিস্তা হওয়া। স্প্যানিশ মিডিয়ায় el madridismo বলতে পুরো মাদ্রিদ সমর্থকগোষ্ঠীকে বোঝায়।

ব্লাঙ্কোস, মেরেঙ্গেস, ভিকিংগোস

মাদ্রিদিস্তাদের আরও কয়েকটা নাম আছে:

  • লস ব্লাঙ্কোস (Los Blancos), মানে "সাদারা", পুরো সাদা জার্সির জন্য।

  • লস মেরেঙ্গেস (Los Merengues), সাদা মিষ্টি মেরেং থেকে। স্প্যানিশ রেডিও ধারাভাষ্যকার মাতিয়াস প্রাতস কানিয়েতে ধারাভাষ্যে নামটা জনপ্রিয় করেন।

  • লস ভিকিংগোস (Los Vikingos), মানে "ভাইকিংরা"। এর দুটো গল্প আছে। পুরনোটা হলো: ১৯৬০ সালের ইউরোপিয়ান কাপ ফাইনালে আইনট্রাখট ফ্রাংকফুর্টকে ৭–৩ গোলে হারানোর পর লন্ডনের The Times ১৯ মে ১৯৬০ লেখে, ভাইকিংরা যেভাবে একসময় ইউরোপ ঘুরে বেড়াত, রেয়ালও সেভাবে ইউরোপ দাপিয়ে বেড়াচ্ছে। আরেকটা গল্প বলে, নামটা এসেছে ১৯৭০-এর দশকে ক্লাবে আসা জার্মান আর ডেনিশ খেলোয়াড়দের থেকে।

সোসিও, মাদ্রিদিস্তা মেম্বার, পেনিয়া

মাদ্রিদিস্তা হতে কোনো কার্ড লাগে না। তবে অফিশিয়ালি যুক্ত হওয়ার কয়েকটা উপায় আছে:

  • সোসিও (socio) মানে সদস্য-মালিক। রেয়াল মাদ্রিদের মালিক কোনো কোম্পানি বা ধনকুবের নন। ১৯০২ সালে প্রতিষ্ঠার পর থেকেই ক্লাবের মালিক এর ৯০,০০০-এরও বেশি সোসিও। ক্লাবের প্রেসিডেন্টও তাঁরাই নির্বাচন করেন।

  • মাদ্রিদিস্তা মেম্বার মানে madridistas.com-এ ক্লাবের নিজের ফ্যান মেম্বারশিপ নেওয়া। সাধারণ স্তরটা ফ্রি, নাম শুধুই "মাদ্রিদিস্তা"। টাকা দিয়ে নেওয়া যায় প্রিমিয়াম, প্লাটিনাম আর জুনিয়র স্তর, তাতে বাড়তি সুবিধা মেলে। ক্লাব এর নাম রেখেছে ফ্যানদের নামেই।

  • পেনিয়া মানে অফিশিয়াল সমর্থক ক্লাব। এ নিয়ে নিচে বিস্তারিত।

আলা মাদ্রিদ

আলা মাদ্রিদ (Hala Madrid) মানে "এগিয়ে চলো, মাদ্রিদ!" স্প্যানিশ ভাষার রয়্যাল একাডেমির অভিধানে ¡hala! একটা অব্যয়, যেটা দিয়ে কাউকে উৎসাহ দেওয়া বা তাড়া দেওয়া হয়। বানানটা ala-ও হয়, কারণ H উচ্চারণ হয় না। তাই "হালা" না, "আলা"।

কথাটা অনেক পুরনো। ক্লাবের প্রথম সংগীত ¡Hala Madrid! লেখা হয় ১৯৫২ সালে, ক্লাবের ৫০ বছর পূর্তিতে, গেয়েছিলেন হোসে দে আগিলার। পুরো স্লোগান "আলা মাদ্রিদ ই নাদা মাস" (Hala Madrid y nada más), শেষের অংশের মানে "আর কিছু না"। এটা নতুন সংগীতেরও নাম, যেটা লা দেসিমা, মানে ক্লাবের দশম ইউরোপিয়ান কাপ জেতার পর খেলোয়াড়রা রেকর্ড করেছিলেন। গানটা বের হয় ২৫ মে ২০১৪, লিখেছেন RedOne আর Manuel Jabois।

পেনিয়া

পেনিয়া (Peña) মানে রেয়াল মাদ্রিদের অফিশিয়াল সমর্থক ক্লাব। স্প্যানিশে শব্দটা দিয়ে একই আগ্রহের বন্ধুদের দল বোঝায়। রেয়াল মাদ্রিদের ২০২৪–২৫ বার্ষিক রিপোর্ট অনুযায়ী পেনিয়া আছে ২,৫২১টি: স্পেনে ২,২৬২টি, আর বাকি ৯৬টি দেশে ২৫৯টি। পেনিয়া মাদ্রিদিস্তা বাংলাদেশ তাদের একটি।

পেনিয়া মাদ্রিদিস্তা বাংলাদেশ যেভাবে শুরু হলো

২০১১ সালে বাংলাদেশের রেয়াল মাদ্রিদ ফ্যানরা ফেসবুকের নানা ফুটবল গ্রুপে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, যেখানে মাদ্রিদ আর বার্সা ফ্যানদের তর্ক লেগেই থাকত। ১১ জুন ২০১১ অনিক দেব শুধু মাদ্রিদ ফ্যানদের জন্য একটা গ্রুপ খোলেন, নাম "Madridista™"। প্রথম দিকের সদস্যরা একজন একজন করে মাদ্রিদ ফ্যান খুঁজে গ্রুপে যোগ করেন।

প্রথম আড্ডা হয় ২০ জানুয়ারি ২০১২, ধানমন্ডিতে। এসেছিলেন সাত-আটজন।

তারপর রেয়াল মাদ্রিদ ২০১১–১২ লা লিগা জিতল। উদযাপনের জন্য ৮ জুন ২০১২ বেইলি রোডের Boomers Cafe বুক করা হলো। আয়োজকরা ভেবেছিলেন ১৫-২০ জন আসবেন। এলেন ৩০ জনেরও বেশি। অনেককে আগে কেউ চিনতই না, তবু রেজিস্ট্রেশন ফি দিয়ে তাঁরা সেদিন এসেছিলেন। ওপরের ছবিটা সেদিনের, সিঁড়িতে তোলা।

ফেসবুক গ্রুপ থেকে অফিশিয়াল পেনিয়া

রেয়াল মাদ্রিদের স্বীকৃতি পেতে লেগেছে সাড়ে আট বছর, মাঝে কয়েকবার চেষ্টা ব্যর্থ হয়েছে। ২৬ ডিসেম্বর ২০১৯ রেয়াল মাদ্রিদ গ্রুপটিকে অফিশিয়াল পেনিয়া হিসেবে স্বীকৃতি দেয়: বাংলাদেশের প্রথম অফিশিয়াল রেয়াল মাদ্রিদ পেনিয়া। ক্লাবের Director of Peñas-এর সই করা চিঠি ঢাকায় পৌঁছায় ১৪ জানুয়ারি ২০২০। রেয়াল মাদ্রিদের নিজের ওয়েবসাইটে বাংলাদেশের পেনিয়া পেজে আমাদের পাবেন।

ভোর ৩টায়, একসাথে

রেয়াল মাদ্রিদের বড় ম্যাচ বাংলাদেশে শেষ হয় ভোর ৩টা-৪টায়। তবু আমরা একসাথে দেখি। আমাদের রেকর্ডে ২০১৬ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ঢাকা স্ক্রিনিংয়ে এসেছিলেন ১৬৪ জন, ২০২২ ফাইনালে ১১৪ জন।

বাসার কেউ যেন না জাগে, তাই অন্ধকার ঘরে একা চুপচাপ মাদ্রিদের গোল উদযাপন করেছেন কখনো? বাংলাদেশে অনেকেই আছেন, যাঁরা অনুভূতিটা ঠিক বোঝেন।

আমাদের কোথায় পাবেন

আলা মাদ্রিদ ই নাদা মাস!

Sifat Jasim

Sifat Jasim

মেম্বারশিপ আবার খুলবে মার্চ ২০২৭-এ।

আলোচনা

কমিউনিটির সাথে আপনার মতামত শেয়ার করুন

মন্তব্য লোড হচ্ছে…